সৌদি পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী

হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪২ হাজার একজন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন।
বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।
এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এমইউআর