ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

খাদ্যবান্ধব কর্মসূচির প্রতিকেজি চাল এখন ১৫ টাকা

খাদ্যবান্ধব কর্মসূচির প্রতিকেজি চাল এখন ১৫ টাকা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের অতিদরিদ্রদের মধ্যে বিতরণ করা প্রতিকেজি চালের দাম বাড়িয়েছে সরকার। ১০ টাকার পরিবর্তে এখন সেই চাল বিক্রি করা হবে ১৫ টাকা কেজি দরে। পুননির্ধারিত এ হার ১ জুলাই থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুন) খাদ্য অধিদফতরের মহাপরিচালককে চালের নতুন মূল্য কার্যকর করতে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এর আগে গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল খাদ্যবান্ধব কর্মসূচির চালের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করার ঘোষণা দিয়েছিলেন।

গত ২২ জুন অর্থ মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে খাদ্য অধিদফতরের এ কর্মসূচির চালের বিক্রিমূল্য পুননির্ধারণ করে চিঠি পাঠানো হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ‘ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ নীতিমালা, ২০১৬’ অনুযায়ী ‘খাদ্যবান্ধব’ কার্যক্রমের আওতায় দরিদ্র জনসংখ্যার মধ্য থেকে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত সর্বোচ্চ ৫০ লাখ পরিবারকে কর্মাভাবকালীন (সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) পাঁচ মাস প্রতিমাসে ৩০ কেজি চাল বিক্রির ক্ষেত্রে মূল্য পুননির্ধারণ করা হলো।

এতে আরও বলা হয়, সমতল ও দুর্গম এলাকার জন্য ভোক্তা পর্যায়ে (প্রতিটি নির্বাচিত পরিবারের নিকট) চালের খুচরা বিক্রিমূল্য প্রতি কেজি ১৫ টাকা এবং এক্স-গোডাউন মূল্য (ডিলারের নিকট বিক্রয়মূল্য) সমতল এলাকার জন্য প্রতি কেজি হবে ১৩ টাকা ৫০ পয়সা এবং দুর্গম এলাকার জন্য হবে প্রতি কেজি ১৩ টাকা।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন