সৌদি পৌঁছেছেন ৫০২১৮ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪৬ হাজার ৮৩৩ জন। ‘পবিত্র হজ-২০২২’ বুলেটিনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হজ বুলেটিনে জানানো হয়েছে, ২০২২ সালে হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট ছেড়েছে মোট ১৩৯টি। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইট ৯টি।
এদিকে চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দশজন মারা গেছেন। মারা যাওয়া দশজন হলেন- ঢাকা জেলার তপন খন্দকার, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, সিরাজগঞ্জ কামারখন্দের রফিকুল ইসলাম, টাঙ্গাইলের আব্দুল গফুর, রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।
এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এমইউআর