আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুইজন বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার (১ জুলাই) ঢাকার লালবাগের ৬১ বছর বয়সী তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। এর আগে বৃহস্পতিবার (৩০ জুন) জামালপুরের কামারখন্দের ৪৭ বছর বয়সী হজযাত্রী মো. রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।
হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ৮ বাংলাদেশি হলেন-টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির ও ঢাকার সাঁতারকুলের মোসা. ফাতেমা বেগম।
এদিকে চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪৬ হাজার ৮৩৩ জন। ‘পবিত্র হজ-২০২২’ বুলেটিনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এমইউআর