ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

চিরনিদ্রায় শায়িত ফজলে রাব্বী মিয়া

চিরনিদ্রায় শায়িত ফজলে রাব্বী মিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিজ বাড়ির উঠানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধা-৫ আসনের টানা সাতবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। মা-বাবা ও দুই ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গাইবান্ধার সাঘাটার হেলেনচা গ্রামে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

এর আগে দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফজলে রাব্বী মিয়ার মরদেহ এসে পৌঁছায়। এরপর স্বজন ও দলীয় নেতাকর্মীরা মরদেহ নিয়ে যান ভরতখালী উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।  

গত ২২ জুলাই দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বী মিয়া। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।

ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসনের সাতবারের সংসদ সদস্য ছিলেন। তাছাড়া তিনি জাতীয় সংসদের পরপর দুবারের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন