ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ শতাংশের বেশি

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ শতাংশের বেশি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২০১৯ সাল থেকে জুন ২০২২ পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের ৮৯ দশমিক ৫১ শতাংশ বাস্তবায়িত হয়েছে।

করোনাভাইরাস মহামারির মাঝেও সিদ্ধান্ত বাস্তবায়নের হার সন্তোষজনক বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০১৯ সাল থেকে এ পর্যন্ত মোট ৮১০টি সিদ্ধান্তের মধ্যে ৭২৫টি বাস্তবায়িত হয়েছে। আর মাত্র ১০ শতাংশের কিছু বেশি বাস্তবায়নের পথে রয়েছে।’ সার সংক্ষেপে জানানো হয়, এ সময়ে জারিকৃত আইনের সংখ্যা ৯১টি। জারিকৃত অধ্যাদেশ ৫টি, যার মধ্যে ৩টি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে।

সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মোট ৯৬টি বৈঠক হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৈঠক হয় ২০২০ সালে। করোনাকালে সিদ্ধান্ত বাস্তবায়নের হার যথেষ্ট সন্তোষজনক উল্লেখ করে জানানো হয়, ২০১৯ সালে ৯৭.৬৭ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিশ্ব মহামারির মাঝে ২০২০ সালে সে হার ছিল ৯৬.৪১ শতাংশ। ২০১৯ সাল থেকে নানা প্রতিবন্ধকতার মাঝেও নীতি/নীতিমালা/কর্মকৌশল/কর্মপরিকল্পনা অনুমোদন হয় ৩২টি।

কেবল চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে চারটি নীতি বা কর্মকৌশল, চারটি চুক্তি বা প্রটোকল অনুমোদন হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন