আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা এত সহজ নয়: তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গত ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু বিএনপির কোন নেতা কর্মীর ওপর অত্যাচার-হামলা হয়নি। অথচ বিএনপি অহেতুক ভোলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে।
২০০১ সালে বিএনপির কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেউ ঘরে থাকতে পারেনি। তারা আবার সহিংসতা করতে চায়। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তোফায়েল আহমেদ।
আজ মঙ্গলবার (৯ আগস্ট) ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা এত সহজ নয়।
এসময় তোফায়েল আহমেদ বলেন, ১৪ বছর ধরে বিএনপির মহাসচিব এর কাছ থেকেই একটা কথাই শোনা যায়। তবে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে ধন্যবাদ জানাই, কারণ সে বিভিন্ন বিভিন্ন বক্তৃতা দিয়ে প্রেস ব্রিফিং করে সমাবেশ করে বিএনপিকে টিকিয়ে রেখেছে। এছাড়া বিএনপির আর কোনো কাজ নেই। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছে বিএনপি, ৩১ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। বারবার আমাদের মাধ্যমে বিদায় নিয়েছে বিএনপি। আমরা সেই দল।
এসময় প্রবীন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১৪ বছর ক্ষমতায় থাকলেও বিএনপির উপর কোন অত্যাচার নির্যাতন করেনি। অথচ বিএনপি ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের কর্মীরা বাড়িতে থাকতে পারেনি। এলাকা ছেড়ে পালিয়ে বেড়িয়েছে। আওয়ামী লীগ সেই রাজনীতি করেনা বলেও তিনি জানান। এসময় তিনি দলীয় নেতৃবিন্দদের ঐক্য বদ্ধ থাকার আহবান জানান।
জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ এর সভাপত্বি মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলমসহ অন্যানরা।
এইচকেআর