ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোটে বিদেশি পর্যবেক্ষক আসছেন ৫৪০, পাকিস্তানের ৪৮ গণমাধ্যমকর্মী ইতিহাসের সেরা নির্বাচনি ফল পেতে যাচ্ছে জামায়াত ভোটের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-মিছিল নিষিদ্ধ আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হবে এবার: প্রধান উপদেষ্টা পাথরঘাটায় সাবেক এমপি হিরুর ওপর দুর্বৃত্তদের হামলা পুরো মাস নয়, এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত পটুয়াখালীতে গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ বরিশালে বিএনপির তিন নেতাকে বহিষ্কার
  • ভোটে বিদেশি পর্যবেক্ষক আসছেন ৫৪০, পাকিস্তানের ৪৮ গণমাধ্যমকর্মী

    ভোটে বিদেশি পর্যবেক্ষক আসছেন ৫৪০, পাকিস্তানের ৪৮ গণমাধ্যমকর্মী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট দেখতে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে কোন দেশ থেকে পর্যবেক্ষক হিসেবে কারা আসতে পারেন, সে তথ্য জানানো হয়েছে; যাদের মধ্যে বিবিসি, রয়টার্স, এপি ও আল জাজিরাসহ বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমের ১৫০ জন রয়েছেন।

    সাংবাদিকদের মধ্যে ৪৮ জন আসবেন পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে এবং আল জাজিরা থেকে ভোটের খবর সংগ্রহে আসবেন ৭ জন। তবে ভারত থেকে কতজন আসবেন সে তথ্য বলা হয়নি ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে।


    ইসি বলছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় ৬০ জন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। আর ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক।

    নির্বাচন কমিশনের আমন্ত্রণে যারা আসছেন, তাদের মধ্যে ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রয়েছেন।

    নির্বাচন কমিশন বলছে, এর বাইরে তুরস্ক থেকে ছয়জন সংসদ সদস্য ও সুপ্রিম ইলেকশন কাউন্সিলের কর্মকর্তাসহ ১০ সদস্যের একটি পর্যবেক্ষক দল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে পাঁচজন করে প্রতিনিধি দল এবং ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরানের নির্বাচন কমিশনের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন নির্বাচন পর্যবেক্ষণে।


    গণভোট ও সংসদ নির্বাচনের সংবাদ কভার করতে প্রায় দেড়শজন বিদেশি সাংবাদিকের আসার তথ্য দিয়ে ইসি বলেছে, এর মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম-প্রতিষ্ঠান থেকে ৪৮ জন, আল জাজিরা থেকে ৭ জন সাংবাদিকসহ জাপানের সংবাদসংস্থা এনএইচকে, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া ও ডয়চে ভেলের প্রতিনিধিসহ স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা রয়েছেন।

    প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে ইইউ এর একটি পর্যবেক্ষণ দল। ফাইল ছবি।
    প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে ইইউ এর একটি পর্যবেক্ষণ দল। ফাইল ছবি।


    অপরদিকে নির্বাচন পর্যবেক্ষণে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার তথ্য দিয়েছে ইসি। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন পর্যবেক্ষণ দলে রয়েছেন ২২৩ জন।

    এছাড়া কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরএল) থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে প্রায় ৩০ জন পর্যবেক্ষক স্বপ্রণোদিতভাবে নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা বিজ্ঞপ্তিতে বলেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

    কমিশন বলছে, ইতোমধ্যে বিদেশি আমন্ত্রিত আতিথি, সাংবাদিক ও পর্যবেক্ষকগণের ভিসা-সংক্রান্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছে। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকগণ যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে পারেন-সে লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।

    এর আগে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করেছে সরকার।

    এদিকে মঙ্গলবার থেকে পূর্ণমাত্রায় মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দল। এদিন স্বল্পমেয়াদি নির্বাচনি পর্যবেক্ষকরা দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন বলে তথ্য দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশন।

    মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনে ইইউভুক্ত ২৭টি সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ডের মোট ২০০ জন পর্যবেক্ষক যুক্ত হওয়ার মাধ্যমে এটি পূর্ণ সক্ষমতা অর্জন করেছে।

    বর্তমানে সকল স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা ঢাকায় প্রশিক্ষণ নিচ্ছেন, যেখানে তারা নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গণনা এবং ফলাফল সংকলন পর্যবেক্ষণের পদ্ধতি সম্পর্কে অবহিত হচ্ছেন।

    মঙ্গলবার থেকে তাদের সারাদেশে মোতায়েনের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এসেছেন এবং ইইউ কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়ে এই মিশনের পরিধি আরও বিস্তৃত করেছেন।

    গত বছরের ডিসেম্বরের শেষ থেকে ১১ জন বিশ্লেষকের একটি মূল দল দেশে অবস্থান করছে। আর ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক জানুয়ারির মাঝামাঝি থেকে ৬৪টি প্রশাসনিক জেলায় কাজ করছেন। নির্বাচনের দিন ইইউ পর্যবেক্ষকরা বিভিন্ন শহর, নগর এবং গ্রামের ভোটগ্রহণ, গণনা ও ফলাফল পর্যবেক্ষণ করবেন।

    আগামী ১৪ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইইয়াবস ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ