দুই ঘণ্টা পরপর জানানো হবে ভোট পড়ার হার: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠেয় গণভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশনের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে এবার কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ স্থাপন করা হয়েছে।
ইসি সচিবালয় জানিয়েছে, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের পাশাপাশি সারাদেশের রিটার্নিং অফিসারদের কার্যালয়ে পৃথক ফলাফল পরিবেশন কেন্দ্র চালু করা হয়েছে। প্রিসাইডিং অফিসাররা ভোটগ্রহণ শেষে কেন্দ্রেই ফলাফল গণনা করবেন এবং প্রাপ্ত ফলাফল (ফর্ম-১৬ ও গণভোটের ফলাফল) সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। সেখান থেকে ডিজিটাল পদ্ধতিতে তথ্যগুলো কেন্দ্রীয় সার্ভারে এবং স্থানীয়ভাবে বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
ভিপিএন ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ফলাফল সংগ্রহে নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিটিসিএলের বিশেষ ভিপিএন (VPN) নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। এছাড়া আপদকালীন ব্যবস্থা হিসেবে টেলিটক ও গ্রামীণফোনের উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসাররা মোবাইল অ্যাপ বা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে ফলাফল সরাসরি আপলোড করবেন, যা একই সঙ্গে সংসদীয় আসনভিত্তিক এবং গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের হার হিসেবে সংরক্ষিত হবে।
দুই ঘণ্টা পরপর তথ্য দেওয়ার বিষয়ে ইসি সূত্রে জানা গেছে, কেবল চূড়ান্ত ফলাফল নয়, কাল ভোটগ্রহণ চলাকালে প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হারের তথ্যও মিডিয়া সেন্টারে জানানো হবে। ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা ভোটগ্রহণ বিঘ্নিত হলে তা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে তদারকি করা হবে।
জনসাধারণের জন্য ফলাফল দেখার সুযোগ সারাদেশের মানুষ যাতে ঘরে বসেই দ্রুত ফলাফল জানতে পারে, সেজন্য ইসির অফিসিয়াল ওয়েবসাইট ও ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে লাইভ আপডেট দেওয়া হবে। এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে বেসরকারি ফলাফল প্রচারের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ভোট শেষ হওয়ার পর গণনা সম্পন্ন হলে মধ্যরাত থেকেই সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক বেসরকারি ফলাফল আসতে শুরু করবে।
এইচকেআর