৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

তিন দফা সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত রিটার্ন জমা না পাওয়ায় আরও এক মাস আয়কর রিটার্ন জমার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তবে রোজা, নির্বাচন, অনলাইন রিটার্নে অনভ্যস্ততা বিবেচনায় নিয়ে করদাতাদের ফের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে রিটার্ন জমার তারিখ ১ মাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
এর আগে, চলতি ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন জমার সময় দুই মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ)। অন্যদিকে, এক মাস সময় বাড়ানোর আবেদন করেছে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে লেখা চিঠিতে সময় বাড়ানোর অনুরোধ করেছে সংগঠন দুটি। সময় বাড়ানোর সপক্ষে ১৩টি কারণ তুলে ধরা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। জাতীয় নির্বাচন, অর্থনৈতিক সংকটসহ নানা কারণ দেখিয়ে এরই মধ্যে ৩ দফা সময় বাড়িয়েছে এনবিআর।
আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তবে ই-রিটার্নে যথেষ্ঠ সাড়া না পড়ায় তিন দফায় তিন মাস সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। প্রথমে রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। পরে তা আরেক দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। এরপর তা ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।
এনবিআরের তথ্য বলছে, দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা আছেন ১ কোটি ২৩ লাখ। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গত ২৪ ফেব্রুয়ারি জানান, এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে প্রায় ৩৯ লাখ। সে হিসেবে এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছরে মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।
এইচকেআর