ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
ফ্যামিলি কার্ডে সুলভ মূল্যে পণ্য দেয়ার আশ্বাসে প্রতারণা

পাথরঘাটায় মাইকিং করে শত শত মানুষের অর্থ আত্মসাত, অতঃপর

পাথরঘাটায় মাইকিং করে শত শত মানুষের অর্থ আত্মসাত, অতঃপর
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনা জেলার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে থানা পুলিশ। (২ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ব্রিজসংলগ্ন এলাকার একটি বাসা থেকে অর্থ সংগ্রহকালে অভিযুক্ত ওই যুবক রফিকুল ইসলাম সুমন (৩০) কে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে থানা পুলিশের সদস্যরা তাকে হেফাজতে নেয়।

আটক রফিকুল ইসলাম সুমন উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুছ আকনের ছেলে। আটককৃত ওই যুবকের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার দাবিতে শত শত মানুষ পাথরঘাটা থানার সামনে ভিড় করেন। স্থানীয়রা জানান, এই ব্যক্তি ফ্যামিলি কার্ডের নামে সুলভ মূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে এবং পুলিশে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবন চালাই। এখন আমি আমার টাকা ফেরত চাই। আমার মতো শত শত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। বরগুনা জেলা দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ (বেলাল) বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সুলভ মূল্যে পণ্য দেওয়ার নামে বিভিন্ন স্থান থেকে টাকা আত্মসাত করা হয়েছে। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনাম বলেন, আটক ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ