বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পর্যায়ক্রমে ক্লাবের উন্নয়নে ভূমিকা রাখেন সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং সাবেক মেয়র আহসান হাবিব কামাল।
এবার সেই প্রেসক্লাবের উন্নয়নের দায়িত্ব নিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বরিশাল সিটি করপোরেশনের মাধ্যমে প্রেসক্লাবের পেছনে জরাজীর্ণ এবং অনেকটা পরিত্যাক্ত অবস্থায় থাকা অডিটোরিয়ামটি সংস্কারসহ আধুনিকায়নের উদ্যোগ নিয়েছেন তিনি।
এরই মধ্যে সংস্কার কাজের প্রথম দফা বরাদ্দ হয়েছে। সবশেষ শুক্রবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজ উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এসময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেসা বেগম, সিনিয়র সাংবাদিক নাসিমুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক শাহিনা আজমিন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, প্রেসক্লাব সদস্য কাজী আব্দুল্লাহ আল রাসেল, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক কে এম নয়ন ও দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য এম জহির, কমল সেনগুপ্ত, সুমন চৌধুরী, মঈনুল ইসলাম সবুজ, শাহিন হাসান প্রমুখ।
এইচকেআর