বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী চৈতির মৃত্যুতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় বিক্ষোভরত শিক্ষার্থীদের আশ্বস্ত করছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। (৯ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএম কলেজ সড়কের শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের সামনে তারা ঘণ্টাব্যাপি সময় সড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কে যানজট সৃষ্টি হয়।
এদিকে, অবরোধের খবর পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ঘটনাস্থলে যান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “দোষী অটোরিকশা চালককে দ্রুত গ্রেপ্তার করে স্কুলের সামনে হাজির করা হবে।” শিক্ষার্থীরা প্রশাসকের আশ্বাসে পেয়ে পরে ক্লাসে ফিরে যান।
স্থানীয়রা জানান, বুধবার (৮ এপ্রিল) স্কুল ছুটির পর চৈতি স্কুলের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই চৈতির মরদেহ হস্তান্তর করা হয়েছে।