ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

বরিশালে নিখোঁজের ৪ দিন পর কক্সবাজার থেকে স্কুলছাত্র শান উদ্ধার

বরিশালে নিখোঁজের ৪ দিন পর কক্সবাজার থেকে স্কুলছাত্র শান উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শানকে (১৩) চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের ঈদগাহ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোর সৌরভ ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নামক বিশেষ মাদকের কবলে পড়ে অপহরণের শিকার হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ মে (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে মায়ের জন্য খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয় সৌরভ। সে সময় সে একটি বিকাশের দোকান থেকে আট হাজার টাকাও উত্তোলন করেছিল। এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ওই রাতেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করা হয়, যা অপরিচিত এক ব্যক্তি কুড়িয়ে পেয়েছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশালের কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

কক্সবাজার ঈদগাহ থানার উপ-পরিদর্শক (এসআই) সুনিল বড়ুয়া জানান, রাত ৩টার দিকে ঈদগাহ এলাকায় ক্লান্ত অবস্থায় সৌরভকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় দোকানিদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

সৌরভ বর্তমানে সুস্থ রয়েছে এবং কথা বলছে। তার পকেটে দূরপাল্লার বাসের দুটি টিকিট এবং মাত্র ১০ টাকা পাওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছে- একজন অপরিচিত লোক তার কাছে ঠিকানা জানতে চেয়েছিল, এরপর তার আর কিছু মনে নেই। এটি মূলত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের কাজ বলে আমাদের ধারণা।

ছেলের ফিরে আসার খবরে দীর্ঘ চারদিনের উৎকণ্ঠা শেষে স্বস্তি ফিরেছে সৌরভের পরিবারে। সৌরভের মা মিতু রাণী দাস জানান, ঘটনার দিন সাড়ে আট হাজার টাকা তুলে খিচুড়ির অর্ডার দিয়ে দোকানের সামনে অপেক্ষা করার সময় এক ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চায়। এরপর সে জ্ঞান হারায়।

তিনি আরও বলেন, আমার ধারণা ছিল সৌরভকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরিয়ে আনতে আমার ভাইকে কক্সবাজারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার পুলিশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন