ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো,  বিপিনপুর গ্রামের মো. আলম হাওলাদারের মেয়ে মেহেরিমা (৮) এবং একই এলাকার ভাড়াটিয়া আল আমিনের মেয়ে নাজিয়া (৭)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,  শনিবার দুপুর ১২টার দিকে দুই শিশু মাছ ধরার বরশি নিয়ে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে আবুল কালামের মালিকানাধীন একটি ডোবার পানিতে মাছ ধরার বরশির ছিপ ভাসতে দেখে সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ডোবায় তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন বলেন, দুপুর ২টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন