বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও পিকেটিং টিম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল মঙ্গলবার (২৩ জুন)। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ এ কথা জানান। তিনি বলেন, নগরবাসীর সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবরকম প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহণ করছে। যেখানেই খবর পাওয়া যাচ্ছে সেখানেই পুলিশ অভিযান পরিচালনা করছে। অনেকে গ্রেফতারও হয়েছে। নগরীতে স্ট্রাইকিং ফোর্স, পিকেটিং টিম রিজার্ভ থাকবে। আশা করি মহানগরীতে জনগণের কোনো রকম অসুবিধা হবে না।
তিনি কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে, এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসকের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন।
টার্মিনাল পরিদর্শনকালে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
তবে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ সোমবার সকালে নগরের নাজিরের পোল এলাকা থেকে বিসিসির সাবেক প্যানেল মেয়র ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইনের মামলার গ্রেফতার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল মামুন উল ইসলাম।
এদিকে সম্প্রতি পুলিশের অভিযানে মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী মেরিনা, ৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আসিফ, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম, চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন রাড়ী সহ একাধিক নেতাকর্মীকে আটক করেছে। বর্তমানে তারা কারাগরে রয়েছেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন উপজেলায় পুলিশের নজরদারি বৃদ্ধি রাখা রয়েছে। ইতিমধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির অধিকাংশ নেতাকর্মীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, প্রতিটি উপজেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে মাঠ পর্যায়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর