ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ঝালকাঠিবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও তরুণ প্রজন্মের দীর্ঘ প্রতীক্ষিত দাবি অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। দ্রুতই একটি সর্বাধুনিক ও আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। 

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পৌর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করে তিনি বলেন, একটি আধুনিক স্পোর্টিং ক্লাব তরুণদের প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি করবে। ক্লাবটি হবে একটি মিলনস্থল, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে সামাজিক বন্ধনে আবদ্ধ হবে। এ ধরনের প্রতিষ্ঠান শুধু খেলাধুলার সুযোগই সৃষ্টি করবে না, বরং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন, শৃঙ্খলা ও দলগত চেতনার দিকে এগিয়ে নিয়ে যাবে। 

তিনি বলেন, এই ক্লাব শুধু খেলাধুলার কেন্দ্র নয়, এটি হবে আমাদের তরুণদের স্বপ্ন পূরণের ক্ষেত্র। এখান থেকে উঠে আসবে ভবিষ্যতের তারকা, যারা দেশকে গৌরবান্বিত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশের সুনাম বয়ে আনবে।

তিনি বলেন, জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বে তুলে ধরতে সরকার কালচারাল ভিলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই ভিলেজে থাকবে মুক্তমঞ্চ, প্রদর্শনী কেন্দ্র, হস্তশিল্প প্রশিক্ষণ ইউনিট, গ্রন্থাগার এবং ঐতিহ্যবাহী খাবারের কর্নার। এর ফলে স্থানীয় শিল্পী ও তরুণদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। সরকারের লক্ষ্য শুধু সংস্কৃতি সংরক্ষণ নয়, বরং দক্ষ তরুণ সমাজকে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে কেন্দ্র করে সরকার স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় সম্পদ, কৃষি, ক্ষুদ্র শিল্প এবং মানবসম্পদকে কাজে লাগিয়ে ঝালকাঠিকে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার পরিকল্পনা করা হবে।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. বায়জীদ ইবনে আকবার বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় শিক্ষার্থী, ক্রিড়া প্রতিযোগী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ