সড়কপথে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সরকারি সফরে সড়কপথে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান তারেক রহমান। বরিশালে তার গাড়িবহরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।
পরে তারা গাড়িবহর নিয়ে গৌরনদী পৌরসভার কর্মসূচিস্থলের উদ্দেশে রওনা দেন। পুরো সড়ক পথের দুই পাশে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে একাধিক স্থানে বৃক্ষরোপণ করবেন। পাশাপাশি বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
ভোরে রাজধানীর গুলশানের সরকারি বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের তীরবর্তী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। এরপর বরিশাল নগরীর ঐতিহাসিক ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউনসংলগ্ন কীর্তনখোলা নদীর তীরেও বৃক্ষরোপণ করবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তিনি সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কার্যক্রমের গতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও কর্মসূচিস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন।
এইচকেআর