বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন

তীব্র দাবদাহের মধ্যে বরিশাল নগরে প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে আদালতের বিচারিক কার্যক্রম থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনা ও জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতসহ সব কটি আদালতের কার্যক্রম ধীরগতিতে চলছে। বিদ্যুৎ না থাকায় হাজিরা লেখা, নথিপত্র তৈরি ও ড্রাফট করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। গরমে অতিষ্ঠ বিচারপ্রার্থী ও আইনজীবীরা। একই অবস্থা শিক্ষাপ্রতিষ্ঠানেও। রাতে ও দিনে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারছে না, ব্যাহত হচ্ছে তাদের ঘুমও।
বরিশাল ওজোপাডিকো সূত্রে জানা গেছে, অঞ্চলে বিদ্যুতের চাহিদা ৬০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৪০ মেগাওয়াট। এই ২০ মেগাওয়াট ঘাটতি নিয়েই বরিশাল নগরসহ ঝালকাঠি ও নলছিটিতে বিদ্যুৎ বণ্টন করতে হচ্ছে।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মজলু কুমার স্বর্ণকার জানান, লোডশেডিংয়ের সমাধান কবে হবে তা নিশ্চিত নয়, তবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এদিকে বিদ্যুৎ সংকটে নগরীর বাজারগুলোতে চার্জার ফ্যান ও আইপিএস কেনার ভিড় বেড়েছে।
অন্যদিকে বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তার আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২০ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার অর্ধেক বিদ্যুতও পাওয়া যাচ্ছে না। জেনারেশনে ঘাটতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। কক্সবাজারের এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে বলেও জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় প্রায় প্রতি ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। বিশেষ করে গভীর রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। প্রচণ্ড গরমের মধ্যে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। অনেক এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার পর অসহনীয় গরমে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসছেন।
দিনের বেলায় অফিসপাড়া এবং রাতে বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিদ্যুৎনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
এদিকে ভয়াবহ লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষার দাবিতে মঙ্গলবার বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিল বের করা হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন হুমকির মুখে পড়েছে। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অবিলম্বে লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।
এইচকেআর