ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news

পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ

পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে গণপরিবহণ খাতে। জেলার বিভিন্ন কাউন্টার থেকে ঢাকাগামী বাসে যাত্রীপ্রতি ৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তবে পটুয়াখালীর অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বাসগুলোতে এখনো ভাড়া বাড়ানো হয়নি। এ বিষয়ে আগামী এক-দুই দিনের মধ্যে মালিক সমিতির বৈঠক হওয়ার কথা রয়েছে।

পটুয়াখালীর সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার রাতুল জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর তাদের অফিস থেকে ঢাকা রুটের ভাড়া সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগের ভাড়ার সঙ্গে ৫০ টাকা যোগ করে বর্তমানে জনপ্রতি ৭৫০ টাকা নেওয়া হচ্ছে।

তবে যাত্রীদের অভিযোগ, সব কাউন্টারে একই হারে ভাড়া নেওয়া হচ্ছে না। কোথাও ৫০ টাকা, আবার কোনো কোনো কাউন্টারে ১০০ টাকা পর্যন্ত বাড়তি নেওয়া হচ্ছে।

ঢাকাগামী যাত্রী শিহাব উদ্দিন বলেন, তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু অনেক কাউন্টারে ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

আরেক যাত্রী মারুফ বলেন, তেলের দাম একসঙ্গে ২০ টাকা বাড়ানোর কারণে নিয়মিত বাসে যাতায়াতকারীদের ব্যয় বেড়ে গেছে। শুধু বাসভাড়া নয়, জ্বালানি খরচ বাড়ায় কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পরিবহন ব্যয়ও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের দূরপাল্লা ও শহরাঞ্চলের বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। ২২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিবহন মালিকদের বৈঠকে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ায়। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়।

তবে সরকারি ভাড়া সমন্বয়ের সিদ্ধান্তের আগেই দেশের বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। সাম্প্রতিক প্রতিবেদনে ঢাকা-বরিশাল রুটেও সাকুরা পরিবহনে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের কথা এসেছে।

পটুয়াখালীর ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। স্থানীয় বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন আন্তঃজেলা রুটের বাসে এখন পর্যন্ত নতুন ভাড়া কার্যকর করা হয়নি। আগামী এক-দুই দিনের মধ্যে মালিক সমিতির বৈঠকে জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব, সরকারি নির্ধারিত ভাড়া এবং পরিবহন পরিচালন ব্যয় নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন