উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উজিরপুরে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের প্রস্তুতি এবং পূজা চলাকালে সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আলী সুজা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে বা যেকোনো প্রয়োজনে দ্রুত উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা চিন্ময় পান্ডে, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিনয় দাস, সাধারণ সম্পাদক বরুন দাস, হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট উজিরপুরের আহ্বায়ক পলাশ কুণ্ড, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিঞা লিটন ও এমদাদুল কাসেম সেন্টু প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
এইচকেআর