ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news

১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী

১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী
ভোলায় নতুন কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস। ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান মিললেও জেলার মানুষের জীবনে এর সুফল পৌঁছাচ্ছে না। নতুন করে ভোলা নর্থ-৩ কূপে গ্যাসের সন্ধান পাওয়ায় জেলায় কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এসব কূপে ২.০৫ টিসিএফের বেশি গ্যাস মজুদ থাকলেও পর্যাপ্ত শিল্পকারখানা গড়ে ওঠেনি, বাড়েনি আবাসিক গ্যাস সংযোগও। 

ফলে নতুন গ্যাসের সন্ধানে আশার পাশাপাশি ক্ষোভও বাড়ছে জেলাবাসীর। তাদের দাবি, নতুন কূপের গ্যাস কাজে লাগিয়ে জেলায় শিল্পকারখানা গড়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা হোক।

গ্যাস মজুদের পরিমাণ
বাপেক্সের তথ্য মতে, ৯০ দশক থেকে ২০২৩ সাল পর্যন্ত ভোলায় তিনটি গ্যাস ক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। সেখানে ৯টি কূপে ২.০৫ টিসিএফ এর বেশি গ্যাস মজুদ রয়েছে। এর মধ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রের ৬টি কূপ, ভোলা সদরের ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের দুইটি কূপ ও ইলিশা গ্যাস ক্ষেত্রের ১টি কূপ রয়েছে। এবার ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের ভোলা নর্থ-৩ নামে আরও একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। বর্তমানে সেটিতে ডিএসটি টেস্ট চলমান রয়েছে। এনিয়ে ভোলার তিনটি গ্যাস ক্ষেত্রে কূপ সংখ্যা দাঁড়িয়েছে ১০টি।

বাপেক্স যা বলছে
বাপেক্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আহসানুল আমিন তথ্য নিশ্চিত করে জানান, গত ৯ সেপ্টেম্বর থেকে ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের ভোলা নর্থ-৩ নামে নতুন কূপ খনন কাজ শুরু হয়। পরে গ্যাসের মজুদ নিশ্চিত হতে গত ১৫ নভেম্বর সকালে ডিএসটি টেস্ট শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা যাবে। তবে ডিএসটি পরীক্ষা শেষে মজুদের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

ব্যবহার হচ্ছে ভোলার গ্যাস
ভোলা সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী মো. অলিউল ইসলাম জানান, ভোলার গ্যাস বর্তমানে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টে তিনটি সংযোগ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের দুটি সংযোগসহ আরও ৫টি শিল্পকারখানা, ২টি বাণিজ্যিক, ভোলা পৌরসভায় ২ হাজার ৩৭৬টি এবং বোরহানউদ্দিন পৌর এলাকায় মাত্র পাঁচটি আবাসিকে গ্যাস সংযোগের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে।

ভোলাবাসীর ক্ষোভ
এত গ্যাস মজুদ থাকলেও ভোলার ঘরে ঘরে পৌঁছায়নি পর্যাপ্ত গ্যাস সংযোগ ও গড়ে ওঠেনি পর্যাপ্ত গ্যাস ভিত্তিক শিল্পকারখানা। ফলে নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়ায় আনন্দিত হলেও ভোলাবাসীর রয়েছে তীব্র ক্ষোভ।

ভোলাবাসীর আন্দোলন
ভোলা-বরিশাল সেতু, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানাসহ ৬ দফা দাবিতে দীর্ঘদিন ধরে ভোলায় একের পর এক আন্দোলন করে আসছেন জেলাবাসী। এমনকি ভোলার চরফ্যাশন থেকে পায়ে হেঁটে ও তেতুলিয়া, কালাবদর ও পদ্মা নদী পেরিয়ে ঢাকায় কর্মসূচিও পালন করেন ভোলাবাসী। কিন্তু আশানুরূপ কোনো ফল না আসায় গত ১৪ নভেম্বর থেকে নতুন করে এবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন ভোলাবাসী।

আমরা ভোলাবাসী নামে সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ অমি জানান, ভোলায় বিপুল পরিমাণ গ্যাস মজুদ থাকলেও ভোলার মানুষ বঞ্চিত। তাই অনেক বছর ধরে বিভিন্ন সংগঠনের ব্যানারে ভোলার মানুষ ভোলা-বরিশাল সেতু, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস ভিত্তিক শিল্পকারখানাসহ বিভিন্ন দাবিতে শত শত আন্দোলন করেছেন। 

লং মার্চ কর্মসূচি করে তরুণ, যুবকরা ভোলার চরফ্যাশন উপজেলা থেকে হেঁটে বিভিন্ন উপজেলা হয়ে সদর উপজেলায় এসে হেঁটেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন। হেঁটে যাওয়ার পথে তেতুলিয়া নদী, কালাবদর ও পদ্মা নদী সাঁতার কেটে ঢাকায় পৌঁছে মহাসমাবেশ করেছেন। ঢাকায় কয়েকবার আমরাও আন্দোলন করেছি। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে দাবি পূরণের, কিন্তু বাস্তবায়ন হয়নি। পরে আমরা গত ১৪ নভেম্বর থেকে ৬ দফা দাবি পূরণের লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছি। গণস্বাক্ষরে আমরা ভোলার সাত উপজেলার প্রায় ৩ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করবো। পরে আমরা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবো।

তিনি আরও জানান, নদী সাঁতারে যাওয়ার পথে আমাদের আন্দোলনকারী কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। ভোলার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা চাই বর্তমান সরকার আমাদের দাবিগুলো পূরণ করুক। আর দাবি পূরণ করলে আমাদের ভোলা দেশের একটি উন্নত জেলায় রূপান্তরিত হবে।

আন্দোলনকারী শরীফ হাওলাদার জানান, ভোলায় তিনটি গ্যাস ক্ষেত্রে আগে ৯টি কূপ ছিল। ১৫ নভেম্বর নতুন আরও একটি কূপে গ্যাস পাওয়া গেছে। আমরা দীর্ঘদিন ধরে ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবি করে আসছি। আমরা চাই নতুন কূপ থেকে আমাদের ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হোক। ভোলার উন্নয়নে যাতে গ্যাস কাজে লাগানো হয়।

মেহেদী হাসান ও নাসরিন জাহান জানান, ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান পাওয়ায় আমরা ভোলার মানুষ আনন্দিত। কিন্তু আমাদের তীব্র ক্ষোভ রয়েছে। ভোলার গ্যাস দিয়ে ভোলায় পর্যন্ত শিল্পকারখানা গড়ে ওঠেনি। যার কারণে ভোলায় বেকারত্ব রয়েছে। ভোলার বেকার ছেলে-মেয়েরা চাকরির জন্য ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যায়। তারা অন্য জেলায় গিয়ে শিল্পকারখানায় কাজ করে। অথচ ভোলায় গ্যাসই ওই শিল্পকারখানা চলে।

তারা আরও জানান, ভোলার উন্নয়নে আমরা চাই ভোলার নতুন কূপ থেকে যে গ্যাস পাওয়া যাবে তা দিয়ে যেন ভোলায় পর্যাপ্ত শিল্পকারখানা গড়ে বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থান সৃষ্টি করা হয়।

গৃহিণী তাসলিমা আক্তার ও নুসরাত জাহান জানান, ভোলায় প্রচুর পরিমাণ গ্যাস, অথচ আমরা ভোলার মানুষ গ্যাস সংযোগ পাই না। প্রতিমাসে ২টা সিলিন্ডার লাগে। গ্যাস ছাড়া রান্না-বান্না করতে আমাদের নারীদের যে কি পরিমাণ কষ্ট হয় সে আমরাই বুঝি। আমাদের ভোলার মাটিতে প্রচুর গ্যাস আছে, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হোক। এটাই আমাদের গৃহীণিদের দাবি।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলায় গ্যাস ভিত্তিক নতুন নতুন শিল্পকারখানা গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ব্যাপক শিল্পকারখানা উঠলে জেলার উন্নয়ন হবে। আমরা সরকারকে বিষয়টি জানিয়েছি, প্রস্তাবনা দিয়েছি। বিষয়টি সরকার দেখবে। ভোলায় শিল্পকারখানা হলে অনেকের কর্মসংস্থান হবে। এছাড়াও ভোলার মানুষের ৬ দফা দাবি সরকারকে অবহিত করেছি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন