আল্লাহর হক সবার আগে

মানুষের জীবনে অসংখ্য দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিবার, সমাজ, আত্মীয়স্বজন, প্রতিবেশী—সবার প্রতি মানুষের কিছু না কিছু অধিকার ও দায়িত্ব রয়েছে।
এসব দায়িত্ব যথাযথভাবে পালন করা একজন মুমিনের নৈতিক ও ধর্মীয় কর্তব্য। তবে সব অধিকারের ঊর্ধ্বে রয়েছে মহান আল্লাহর হক। কারণ তিনিই আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। তাঁর অনুগ্রহেই আমাদের জীবন, জীবিকা ও পৃথিবীর সব নিয়ামত।
তাই মানুষের জীবনে যত দায়িত্বই থাকুক না কেন, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব ও আনুগত্য সবার আগে।
আল্লাহর হক
আল্লাহর হক বলতে বোঝায়—তাঁর প্রতি বান্দার আবশ্যকীয় দায়িত্ব, আনুগত্য ও ইবাদত। তাই মানুষের খাওয়া-দাওয়া, উপার্জন, পরিবার পরিচালনা, সামাজিক সম্পর্ক—সবকিছুই আল্লাহর নির্দেশিত সীমার মধ্যে থেকে সম্পন্ন হওয়া উচিত। আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।’ (সুরা : জারিয়াত, আয়াত : ৫৬)
আল্লাহর হকই সর্বাধিক গুরুত্বপূর্ণ
আল্লাহর হকের সর্বোচ্চ বিষয় হলো তাওহিদ। অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাঁর সঙ্গে কাউকে শরিক না করা। রাসুলুল্লাহ (সা.) এ বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে সাহাবিদের সামনে তুলে ধরেছেন। হজরত মুয়াজ ইবনু জাবাল (রা.) বর্ণনা করেন, একদিন রাসুলুল্লাহ (সা.) তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘হে মুয়াজ! তুমি কি জানো, বান্দার ওপর আল্লাহর হক কী?’ তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন।
রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘বান্দার ওপর আল্লাহর হক হলো, তারা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না।’ এরপর তিনি জিজ্ঞাসা করলেন, ‘তারা যখন এমন করবে, তখন আল্লাহর কাছে তাদের প্রাপ্য কী?’ মুয়াজ (রা.) বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। তিনি বললেন, ‘তাদের প্রাপ্য হলো, আল্লাহ তাদের শাস্তি দেবেন না।’ (সহিহ বুখারি, হাদিস : ২৮৫৬; সহিহ মুসলিম, হাদিস : ৩০)
ফরজ ইবাদত আদায়ে অবহেলা নয়
আল্লাহর হক আদায়ের অন্যতম প্রধান মাধ্যম হলো নামাজ। একজন মুসলমানের জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম। দুনিয়ার কাজ, ব্যবসা-বাণিজ্য, চাকরি কিংবা পারিবারিক ব্যস্ততা কোনো কিছুই নামাজের মতো ফরজ ইবাদতকে অবহেলা করার অজুহাত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ।’ (সুরা : নিসা, আয়াত : ১০৩)
নামাজের পাশাপাশি রমজানের রোজা, সামর্থ্যবান ব্যক্তির ওপর জাকাত এবং সামর্থ্যবানদের জন্য হজ আদায় করাও আল্লাহর গুরুত্বপূর্ণ হক। এগুলো ইসলামের মৌলিক বিধান। তাই কোনো ব্যক্তি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেও যদি আল্লাহর ফরজ বিধানগুলো অবহেলা করে, তবে তার জীবন পূর্ণাঙ্গ মুমিনের জীবন হতে পারে না।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক হলে সে সফলকাম ও কৃতকার্য হবে। আর নামাজ নষ্ট হলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।’ (জামে তিরমিজি, হাদিস : ৪১৩)
আল্লাহর হক ও বান্দার হক
মানুষের জীবনে বাবা-মা, স্ত্রী-সন্তান, আত্মীয়স্বজন, শিক্ষক, প্রতিবেশী ও সমাজের মানুষের অধিকার রয়েছে। ইসলাম এসব অধিকার আদায়ের ব্যাপারেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। তবে কোনো মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা বৈধ নয়। বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান কিংবা অন্য কোনো ব্যক্তির আদেশ যদি আল্লাহর বিধানের পরিপন্থী হয়, তাহলে সে ক্ষেত্রে আল্লাহর নির্দেশই চূড়ান্ত। আল্লাহ তাআলা বলেন, ‘আমি মানুষকে তার বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তবে তারা যদি তোমাকে আমার সঙ্গে এমন কিছুকে শরিক করতে চাপ দেয়, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৮)
আল্লাহর হক আদায় করতে গিয়ে মানুষের হক নষ্ট করা যাবে না
আল্লাহর হক সবার আগে—এর অর্থ এই নয় যে মানুষের অধিকার উপেক্ষা করা যাবে। বরং মানুষের অধিকার যথাযথভাবে আদায় করাও আল্লাহর নির্দেশ। কেউ যদি অনেক নামাজ-রোজা করেন, নিয়মিত নফল ইবাদতে মশগুল থাকেন, অথচ মানুষের সম্পদ আত্মসাৎ করেন, অন্যের প্রতি জুলুম করেন, গিবত করেন কিংবা কারও অধিকার নষ্ট করেন, তাহলে তাঁর ইবাদতের পূর্ণতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করো না। আর বাবা-মা, আত্মীয়স্বজন, এতিম, অসহায়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো।’ (সুরা : নিসা, আয়াত : ৩৬)
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) প্রকৃত নিঃস্ব ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন। তিনি সাহাবিদের জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি জানো, নিঃস্ব কে?’ সাহাবিরা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি, যার কোনো দিরহাম ও সম্পদ নেই। তখন তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে। কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারও বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে, কারও রক্তপাত করেছে কিংবা কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে এসব মানুষের হক আদায় করা হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৫৮১)
আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া
একজন মুমিনের জীবনের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। তিনি কী পছন্দ করেন, কী অপছন্দ করেন, কোন কাজে সন্তুষ্ট হন এবং কোন কাজে অসন্তুষ্ট হন—এসব বিবেচনা করেই মুমিন নিজের জীবন পরিচালনা করেন। দুনিয়ার লাভ-ক্ষতি, মানুষের প্রশংসা কিংবা সামাজিক মর্যাদার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।’ (সুরা : আনআম, আয়াত : ১৬২)
অতএব, আমাদের জীবনের প্রতিটি সকাল শুরু হোক আল্লাহর স্মরণে, প্রতিটি কাজ পরিচালিত হোক তাঁর নির্দেশনায় এবং প্রতিটি রাত শেষ হোক আত্মসমালোচনা ও তওবার মধ্য দিয়ে। দুনিয়ার কোনো ব্যস্ততা যেন আমাদের সৃষ্টিকর্তাকে ভুলিয়ে না দেয়, কোনো পার্থিব স্বার্থ যেন তাঁর অবাধ্যতার কারণ না হয়। কারণ প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তাঁর প্রিয় বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর প্রিয় বান্দা হিসাবে কবুল করুন। আমিন।
এইচকে