আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুদক পটুয়াখালী কার্যালয়ের কর্মকর্তারা। রোববার সকালে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এই প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখান থেকে কাজটি হাত বদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা। ২০২৪ সালের ২৫ অক্টোবর কাজের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম।
ঠিকাদারের অভিযোগ কাজটি বাস্তবায়নের শুরু থেকেই আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান মোটা অংকের ঘুষ দাবী করে আসছেন। তার চাহিদামত ঘুষ না দেওয়ায় সে ঠিকাদারকে নানা ভাবে হয়রানি করছে এবং কাজঠি সঠিক ভাবে বাস্তায়ন করতে দিচ্ছে না। এ অভিযোগ এনে ঠিকাদার শেখ নোমান রেজা ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করেন। অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি টিম কর্মকর্তা রোববার আমতলী পৌরসভার সামনে অভিযান চালিয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ১ লাখ টাকাসহ আটক করে। আটকের পর দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করে।
ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান একজন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার। কাজের শুরু থেকেই সে ঘুষের টাকার জন্য নানা ভাবে সে আমাদের হয়রানি করে আসছে। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করি। অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে।
দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর রোববার আমতলীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খানকে দুদক পটুয়াখালীর কর্মকর্তারা আটক করে থানায় সোপর্দ করেছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর