ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news

নাশকতার আশঙ্কায় বরিশাল থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ

নাশকতার আশঙ্কায় বরিশাল থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় বরিশাল-ঢাকা সড়ক পথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরিশালের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

জানা গেছে, শনিবার রাত থেকেই বরিশাল-ঢাকা সড়ক পথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আবার দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় থ্রি-হুইলার, ইজিবাইক, মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাত্রা করছেন যাত্রীরা। তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে গণপরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। ফলে ভোগান্তিতে পড়েছেন ঢাকা, চট্টগ্রাম, যশোরসহ দূরপাল্লার রুটের যাত্রীরা।

সরেজমিনে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালে দেখা যায়, দূরপাল্লার পরিবহনের কাউন্টারগুলো প্রায় যাত্রীশূন্য। সকাল থেকে ঢাকাগামী যাত্রীরা টার্মিনালে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাদের ঢাকায় যাওয়া দরকার, তারা বিকল্প উপায়ে বা ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

এদিকে এনা পরিবহন, বিএমএফ এবং ইউনিক পরিবহনের কয়েকটি বাস ঢাকায় উদ্দেশে ছেড়ে যায়। এনা পরিবহনের চালক হুমায়ুন কবির বলেন, মালিক পক্ষ থেকে বাস চালানোর জন্য বলেছেন। যতদূর যাওয়া যায় ততেদূর যাচ্ছেন। পথিমধ্যে সমস্যা হলে ফিরে আসার কথাও বলেন তিনি। তবে কোনো ক্ষয়ক্ষতি হলে এর দায় তারা নিবেন না।

অপর দিকে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় কিছু মাহিন্দ্রা কাউন্টারের সামনে থেকে মাওয়া পর্যন্ত যাত্রী উঠানো হচ্ছে। যাত্রী প্রতি ভাড়া নিচ্ছেন ৮০০ টাকা। কিছুক্ষণ পর পরিবহনের লোকজন এসে মাহিন্দ্রাগুলোকে তাড়িয়ে দেন।

ঢাকাগামী যাত্রী নূর আলম জানান, চরমোনাই মাহফিলে এসেছিলেন তিনি। ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোনো বাস পাচ্ছেন না। আরেক যাত্রী আমির হোসেন জানান, ঝালকাঠি থেকে এসেছেন তিনি। ঢাকায় যাওয়ার জন্য কোনো বাস পাচ্ছেন না।

অপরদিকে বরিশাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলাসহ অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক থাকায় স্থানীয় যাত্রীদের তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, লকডাউন কর্মসূচির নামে মহাসড়কে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার শঙ্কা রয়েছে। ভোরে মাদারীপুরের টেকেরহাট এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ হয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের জানমাল এবং কোটি টাকার পরিবহন সম্পদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনেকেই দূরপাল্লার বাস চালাতে চাচ্ছেন না।

বাস মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক মিরাজ সিকদার ডালিম বলেন, লকডাউনের কারণে ঝুঁকি নিয়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আমাদের পক্ষ থেকে বাস বন্ধ রাখার জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি।

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন বলেন, মহাসড়কের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। টেকেরহাট পর্যন্ত কোনো কোনো বাস গেলেও নাশকতার আশঙ্কায় সেগুলো আবার ফেরত আসছে। তবে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন