বরিশালে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের সম্মাননা, আলোচনা পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষ্যে বুধবার সকালে ১১ টায় নগরীর শিক্ষক ভবনে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, একটি ক্রেস্ট, ফুলের তোড়া বা একটি খাম বড় কথা নয়। একটি সংগঠন বছরের পর বছর কাজটি করে প্রমাণ করেছে যে, শিক্ষকগণ যথাযোগ্য মর্যাদা পাওয়ার যোগ্য। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান বৈষম্যের প্রতি ইঙ্গিত প্রদান করে উপাচার্য বলেন, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল পর্যায়ে সমতার এবং জাতীয়করণের দাবি অত্যন্ত যুক্তিসংগত। স্বাধীনতাত্তোর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির পিতা স্বল্প সময়ের মধ্যে সমতা এবং জাতীয়করণের নীতি গ্রহণ করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জাতির পিতার পথ ধরেই জ্ঞান নির্ভর সমৃদ্ধ দেশ গড়ে তোলার পথে ধাপে ধাপে অগ্রসর হচ্ছেন।
শিক্ষকদের আশ্বস্ত করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পারবেন এবং করবেন, কারণ তিনি জাতির পিতার কন্যা। দক্ষ জনশক্তির ভিত তৈরির পরিকল্পনার প্রতি সরকারের গুরুত্ব কতটা তার প্রমাণ দেশে ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা। তিনি শিক্ষকদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব দায়িত্ব পালনে যত্মবান হওয়া এবং মুল্যবোধ সমুন্নত রাখার উদাত্ত আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে এসময় আরোও বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান, আব্দুল মালেক এবং দাশগুপ্ত আশীষ কুমার। পরে ১১ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকদের ক্রেস্ট, ফুলের তোড়া এবং প্রত্যেককে ৫ হাজার করে টাকা প্রদান করা হয়।
এইচকেআর