ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

টরকী বন্দরে গণডাকাতির ঘটনায় নরসিংদী থেকে তিন ডাকাত গ্রেপ্তার

 টরকী বন্দরে গণডাকাতির ঘটনায় নরসিংদী থেকে তিন ডাকাত গ্রেপ্তার
আটক তিন ডাকাতসহ উদ্ধারকৃত দেশী অস্ত্র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর টরকীতে গণডাকাতির ঘটনায় পুলিশ নরসিংদী থেকে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুয়ায়ী সোমবার সকালে বানারীপাড়া উপজেলা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশী অস্ত্র উদ্ধার করেছে।

আটককৃতরা হলো মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নতুন চর দৌলতখান গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের পুত্র আব্দুল খালেক হাওলাদার, বানারীপাড়ার উপজেলার ব্রাক্ষনকাঠী গ্রামের হারুন গাজীর পুত্র আল মিরাজ মিন্টু ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার দাইমুদ্দিন খলিফাকান্দি গ্রামের সিরাজ খলিফার পুত্র দেলোয়ার হোসেন খলিফা ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চতি করেছেন । তিনি বলেন  গণডাকাতির ঘটনায় এ নিয়ে ৯ জন আসামিকে সনাক্তপূর্বক গ্রেপ্তার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন ঢাকার পাশ্বর্বতী নরসিংদী জেলায় অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেপ্তার করে । এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত আংশিক মালামাল উদ্ধার করা হয় । পরে তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী  সোমবার সকালে বানারীপাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য চলতি বছরের ১৫ আগষ্ট  গভীর রাতে গৌরনদীর টরকী বন্দরের পাহারাদারসহ অর্ধশতাধিক মানুষকে জিম্মি করে গণডাকাতি সংঘটিত হয়। ২৫ থেকে ৩০ জনের ডাকাতদল ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ প্রায় ৩০ লাখ টাকা এবং ৩৫ কার্টন সিগারেট লুট করে নিয়ে যায় ।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মানিক সাহা রবিবার দিবাগত রাতে বাদি হয়ে গৌরনদী মডেল থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে টরকীরচর মহল্লার নাজেম আলী হাওলাদারের পুত্র আলী হোসেন হাওলাদার (৫০) ও বড় কসবা মহল্লার বাবুল ফকিরের পুত্র আরিফ ফকিরকে (২৪) গ্রেফতার করেন ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন