আগৈলঝাড়ায় ইউপি চেয়ারম্যান পদে ২৬০ জনের মনোনয়নপত্র দাখিল

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী, ইসলামি আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি ইউনিয়নে মোট ১২ জন চেয়ারম্যান পদে তাদের মনোয়নয়নপত্র দাখিল করেছেন।
সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৫১ জন এবং সাধারণ সদস্য পদে মোট ১৯৭ জন প্রার্থীসহ মোট ২৬০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার বিকেলে মনোনয়পত্র দাখিলের শেষ দিনে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত পাঁচ জন প্রার্থী উৎসব মুখর পরিবেশে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতসহ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের আগে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মিলাদ।
রাজিহার, গৈলা ও রতœপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং বাকাল ও বাগধা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুল উল্লাহ জানান, মনোনয়নপত্র দাখিল করা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন রাজিহার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু ও রতœপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার।
দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে গৈলা মডেল ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত।
এছাড়াও বাকাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান বালী।
আওয়ামীলীগ দলীয় সূত্র মতে, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নের প্রত্যাশায় দলের কাছে আবেদন করেছিলেন রাজিহার ইউনিয়নে ১৩ জন, বাকাল ইউনিয়নে ১২ জন, বাগধা ইউনিয়নে ১২ জন, গৈলা ইউনিয়নে ২০ জন ও রতœপুর ইউনিয়নে ১২ জনসহ মোট ৬৯ জন দলীয় নেতারা।
এছাড়াও ইউপি নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হিসেবে রাজিহার ইউনিয়নে ইকতিয়ার হোসেন, বাকাল ইউনিয়নে মাওলানা জাকারিয়া বক্তিয়ার ফরিদি, বাগধা ইউনিয়নে আব্দুল কাদের মিয়া, গৈলা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন বেপারী ও রত্নপুর ইউনিয়নে খলিলুর রহমান শাহ তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করেছেন।
তবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি কোন ইউনিয়নেই তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দিতে পারেনি। অপরদিকে বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে দলীয় কোন প্রার্থী দেয়নি।
এমবি