বরিশালে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ২৫ অক্টোবর নগরীর ২৩নং ওয়ার্ডের নবগ্রাম রোড খান সড়ক দুলাল খান'র বাড়িতে এবং ২৮নং ওয়ার্ড এলাকার আনোয়ারুল আজিমের ভবনের ভাড়াটিয়ার বাসায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নবগ্রাম রোড খান সড়কের খাজে আলম খলিফার ছেলে মো. নজরুল ইসলাম খলিফা (২৯), নগরীর করিম কুটির এলাকার মো. তোফাজ্জেল হাওলাদারের ছেলে মো. হামিম-ই-সাইম ওরফে তন্ময় (৩৩) ও ৬ নং ওয়ার্ডে গর্জন খোলার মৃত শাহজাহান কসাইয়ের ছেলে মো. সুজন মিয়া (৩৪)।
২৫ অক্টোবর রাতে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৩নং ওয়ার্ডের নবগ্রাম রোড খান সড়ক দুলাল খান'র বাড়িতে এবং ২৮নং ওয়ার্ড এলাকার আনোয়ারুল আজিমের ভবনের ভাড়াটিয়ার বাসায় অভিযান চালানো হয়।
এসময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম খলিফাকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ জনৈক আনোয়ারুল আজিম এর বিল্ডিংয়ের নিচ তলার দক্ষিন পার্শের ফ্লাটের ভাড়াটিয়া তোফাজ্জেল হাওলাদারের বসত ঘর থেকে ১৫০০ গ্রাম গাঁজাসহ হামিম-ই-সাইম ওরফে তন্ময় ও মো. সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নগরীরসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছে তাঁরা। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমবি