বরিশালে ইলিশ রক্ষা অভিযানঃ ২২ দিনে ৮৯৯ জনের কারাদণ্ড

বরিশালে ইলিশ রক্ষার লক্ষে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযান শেষ হয়েছে গতকাল ২৫ অক্টোবর। টানা ২২ দিনের এ অভিযানে বরিশাল বিভাগে আইন শৃঙ্খলা বাহিনী ও কিছু বিপদগামী জেলেদের মধ্যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকল অভিযান সফল ভাবে সম্পন্ন হয়েছে। প্র্রশাসনের কঠোর নজরদারির ফলে এবার মিঠা পানিতে ডিম ছাড়তে পেরেছে সাগর থেকে আসা ইলিশ গুলো। ফলে দেশে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশাবাদি বরিশাল মৎস্য অধিদফতর।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর জানিয়েছে, গত ২২ দিনে বিভাগে মোট ৮৯৯ জনের কারাদণ্ড হয়েছে। এছাড়া ১২ লাখ ৯২ হাজার দশমিক ৬৪৯ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বিভাগে অভিযান পরিচালিত হয় ২ হাজার ৬৫১ টি। এসব অভিযান থেকে ৯ দশমিক ৩৭৯ টন ইলিশ আটক করা হয়। অভিযানে প্রায় ৬০ দশমিক ১৬১ লাখ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল আটক করা হয়।অভিযানে উপকূলীয় এলাকার তুলনায় বরিশাল নদী অঞ্চলে এবার বেশি জেলের কারাদণ্ড হয়েছে।এ নিয়ে গত ২২ দিনে ৬৮০ জনের কারাদণ্ড হয়েছে।
অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা কালে গত ২২ দিনে ৫২৮ টি অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৯১০টি মাছঘাট, ৭ হাজার ২৯৫ টি আড়ত, ৬ হাজার ১৮৫ টি বাজার পরিদর্শন করা হয়। এছাড়া মামলা হয়েছে ৭৮১ টি। জরিমানা করা হয়েছে ২২ দশমিক ৯১৩ লাখ টাকা। নিলামকৃত আয় হয়েছে দশমিক ৩ দশমিক ১১৯৬ লাখ টাকা।
এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। এ নির্দেশনা অমান্য করায় নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। নিষেধাজ্ঞার এ সময়কে ঘিরে বিভাগের ৬ জেলার জেলে পরিবারের জন্য ৬ হাজার ৯৪২ দশমিক ৪৮ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রতি পরিবার ২০ কেজি করে চাল পায়।
মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, সফলভাবে এবারের মা ইলিশ রক্ষা অভিযান শেষ হচ্ছে সোমবার রাত ১২টায়। আশা করা হচ্ছে এরপর জেলেরা নদীতে গেলে আশানুরূপ ইলিশ পাবেন। অবরোধকালে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হয়নি, সে যতই ক্ষমতাবান হোক না কেন।
গত বছর ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে ১ হাজার ২৬টি, অভিযান পরিচালনা করেছে ২ হাজার ৫০৫টি, আইন না মানায় মামলা করা হয় ১ হাজার ২৪৯টি, কারাগারে পাঠানো হয়েছে ১ হাজার ১৩৩ জনকে এবং জরিমানা করা হয় ২০ লাখ ৮২ হাজার টাকা।
এসএম