মেঘনায় ডাকাতিকালে ডাকাত সদস্য আটক

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে নৌযানে ডাকাতির চেষ্ঠা কালে এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে হিজলা উপজেলার মেঘনা নদী সংলগ্ন রহমানের খেয়াঘাট এলাকা থেকে হিজলা নৌ ফাঁড়ি পুলিশের টিম তাকে আটক করে।
আটককৃত জসিম মেহেন্দিগঞ্জ উপজেলার বাবনেরচর এলাকার দুলা হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির শিকার এমভি শুকরিয়া বলগেডের মালিক মো. স্বপন বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৬ টার দিকে বরিশালগামী একটি বলগেডে ডাকাতি করে সর্বত্র লুট করে একদল ডাকাত। খবর পেয়ে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তৎক্ষনিক সেখানে অভিযান পরিচালনা করে।
ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে জসিম নামের ওই ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করেন তারা। এসময় ডাকাত দলকে ধাওয়া করে জসিম ডাকাতকে আটক করেন তারা।
এর আগে ২৪ অক্টোবর রাতে একই স্থানে আরো দুটি ডাকাতি সংঘটিত হয় বলে জানিয়েছেন হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কুলারগাঁও গ্রামের বাদল সরদারের ছেলে সোহাগ সরদার।
তিনি বলেন, গত দুদিন আগে ওই স্থানে আমার ট্রলারে ডাকাতি করে নগদ ২৫ হাজার টাকাসহ সর্বত্র লুট করে ডাকাত দল। ওই দলের মধ্যে আটককৃত ডাকাতও ছিল বলে জানিয়েছেন।
ডাকাতি হওয়া এমভি শুকরিয়া বলগেডের মালিক মো. স্বপন জানান, মেঘনা নদীতে প্রায় সময় ডাকাতের কবলে পড়তে হয় নৌ-যানের স্টাফদের। তারা ডাকাতের মামলার শিকারও হন। তাই ডাকাতের ভয়ে নৌ-্শ্রমিকরা এখন নদীতে যেতে চায় না। এভাবে চলতে থাকলে নদীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এইচকেআর