আগৈলঝাড়ায় পাগলা কুকুরের কামড়ে ৮ জন আহত

বরিশালের আগৈলঝাড়ায় একদিনে বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একদিনে উপজেলার রাজিহার গ্রামের হাকিম আলী হাওলাদারের ছেলে ওহাব আলী হাওলাদার (৬৫), একই গ্রামের পবিত্র হালদারের ছেলে দিগন্ত হালদার (৭), বসুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজ (৩৭), যবসেন গ্রামের আলী হোসেনের মেয়ে হাবিবা আক্তার (৫), একই গ্রামের আব্দুল লতিফ (৬৫), তোফেল সরদারের স্ত্রী ময়না বেগম (৪৫), কালু পাইকের ছেলে আয়নাল পাইক (৬০) ও মুন্সিরতাল্লুক গ্রামের মিঠুন সরকারের ছেলে নয়ন সরকার (৪) বাড়ি থেকে রাস্তায় বের হলে পাগলা কুকুরের কামড়ে আহত হয়। এসময় স্থানীয়রা আহত ৮ জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কষতিয়ার আল মামুন জানান, পাগলা কুকুরের কামড়ে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, পাগলা কুকুরের কামড়ে আহত ব্যাক্তিকে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাতে করে ওই রোগীর কারণে অন্য মানুষের ক্ষতি না হয়। জলাতঙ্ক রোগের হাত থেকে বাঁচতে অবশ্যই রেভিক্স ভিসি প্রয়োগ করতে হবে রোগীকে।
এমবি