বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ
বরিশাল নগরীতে ২০টি উন্মুক্ত খেলার মাঠ নির্মাণ ও সংরক্ষণে উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিশু-কিশোরদের খেলাধুলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাঠ নির্ধারণসহ প্রাথমিক কার্যক্রমও শুরু হয়েছে।
বিসিসি সূত্রের দাবি, নগরীর ৩০টি ওয়ার্ডের জন্য প্রাথমিকভাবে ২০টি মাঠ তালিকাভুক্ত করা হয়েছে। এ তালিকার ৪ নম্বর রয়েছে বক্ষব্যাধি হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত ৬৯ শতাংশ আয়তনের খাসজমি। অবৈধভাবে কাগজপত্র তৈরি করে সম্প্রতি একটি ভূমিদস্যু চক্র জমির মালিকানা নেয়। তাদের কাছ থেকে বায়নাসূত্রে জমিটির মালিক হন বিএনপির কয়েক নেতা। তারা প্লট আকারে বিক্রির জন্য নিচু জমিতে বালু ফেলে ভরাট করেছে।
এ বিষয়ে গত ৭ আগস্ট গণমাধ্যমে ‘বরিশালে সরকারি পুকুর ভরাট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা ভরাট কার্যক্রম বন্ধ করে দেন। ওই খাসজমিতে নগরীর ৭ ও ৪ নম্বর ওয়ার্ডবাসীর জন্য মাঠ করার উদ্যোগ নেওয়া হয়।
শনিবার দুপুরে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ও জেলা প্রশাসক মামুন খন্দকার এই মাঠের জায়গা পরিদর্শনে যান। এ সময় জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, দখলদারদের মালিকানা বাতিলে আদালতে মামলা করা হয়েছে। জনগণের জন্য উন্মুক্ত খেলার মাঠ তৈরিতে তারা বিসিসিকে সহায়তা করবেন।
যেসব জায়গায় হবে মাঠ
বিসিসির সম্পত্তি শাখা সূত্রে প্রস্তাবিত ২০টি মাঠের জায়গার নাম জানা গেছে। এগুলো হলো– ১ নম্বর ওয়ার্ডের বিসিক মাঠ, ২ নম্বর ওয়ার্ডে মানিক মিয়া স্কুল মাঠ, ৩ নম্বর ওয়ার্ডে কাউনিয়া হাউজিং মাঠ, ৪ নম্বর ওয়ার্ডে বক্ষব্যাধি হাসপাতালের পশ্চিম পাশের মাঠ, ৫ নম্বর ওয়ার্ডে শহীদ জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠ, ৬ নম্বর ওয়ার্ডে এ করিম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ৮ নম্বর ওয়ার্ডে মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ, ৯ নম্বর ওয়ার্ডে একে স্কুল মাঠ, ১০ নম্বর ওয়ার্ডে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের পূর্ব পাশের মাঠ, ১১ নম্বর ওয়ার্ডে ব্যাপ্টিষ্ট মিশন বালক বিদ্যালয় মাঠ, ১২ নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ড মাঠ, ১৪ নম্বর ওয়ার্ডে পলিটেকনিক কলেজের পেছনের মাঠ, ১৫ নম্বর ওয়ার্ডে নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ১৬ নম্বর ওয়ার্ডে পরেশ সাগর মাঠ ও হালিমা খাতুন বালিকা বিদ্যালয় মাঠ, ১৮ নম্বর ওয়ার্ডে বিএম স্কুল মাঠ, ১৯ নম্বর ওয়ার্ডে অমৃত লাল দে কলেজ মাঠ, ২১ নম্বর ওয়ার্ডে আদর্শ প্রাথমিক স্কুল মাঠ, ২২ নম্বর ওয়ার্ডে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠ ও ২৮ নম্বর ওয়ার্ডে মহানগর কলেজ-সংলগ্ন মাঠ।
বিসিসির সম্পত্তি কর্মকর্তা মো. শাকিল হোসেনের ভাষ্য, ৩০টি ওয়ার্ডের জন্য ২০টি মাঠ তৈরির জায়গা চূড়ান্ত হয়েছে। এসব স্থানে অবৈধ দখলদার থাকলে দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে টাকা বরাদ্দ পাওয়ার পর মাঠগুলো দিন-রাত খেলাধুলার উপযোগী করে প্রস্তুত করা হবে।
বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বলেন, প্রস্তাবিত মাঠের সংস্কার ও খেলাধুলার স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় টাকা বরাদ্দ চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হবে। বরাদ্দ এলেই পরে কার্যক্রম শুরু হবে।
বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বিসিসি সিদ্ধান্ত নিয়েছে এলাকাভিত্তিক উন্মুক্ত খেলার মাঠ তৈরি ও সংরক্ষণের। নগরের ৩০টি ওয়ার্ডের জন্য ২০টি মাঠ এমন জায়গায় করা হবে যাতে সড়কের এপার-ওপারে থাকা দুটি ওয়ার্ডের শিশুরা ব্যবহারের সুযোগ পায়। কাছাকাছি খাসজমি পাওয়া গেলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তে সেখানে মাঠ করা হবে।
এইচকেআর