শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীতে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে ও সড়ক ভোগান্তি এড়াতে অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউ, চকবাজার রোড ও টাউন হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়।
বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক ও চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। এছাড়া ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সতর্ক করে বিসিসি।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) রুম্পা শিকদার বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নগরবাসীর চলাচলে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়টি বিবেচনা করেই আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। পূজার সময় সড়কের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, পূজার সময় পুণ্যার্থী ও সাধারণ মানুষের চলাচল সহজ করতে বিসিসির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এইচকেআর