উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১

বরিশাল উজিরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ মো. সোহাগ ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
শুক্রবার রাতে উজিরপুরের ইছলাদী টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার।
গ্রেপ্তারকৃত সোহাগ ইসলাম নগরীর জব্বার মিয়া সড়ক এলাকার মো. মতলেব প্যাদার ছেলে।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর রাতে এসআরবি-৮, বরিশালের একটি আভিযানিক দল ইছলাদী টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট বসায়। এসময় ঢাকা থেকে বরিশালগামী 'হানিফ পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশিকালে সন্দেহভাজন সোহাগকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি-৮-এর এ ধরনের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এইচকেআর