ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news

চড় মারার জেরে অস্কার খোয়াতে পারেন স্মিথ

চড় মারার জেরে অস্কার খোয়াতে পারেন স্মিথ
চড় মারার জেরে অস্কার খোয়াতে পারেন স্মিথ - ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্ত্রীকে নিয়ে রসিকতা মেনে নিতে পারেননি। অস্কার অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে চড় মেরে বসেছিলেন উইল স্মিথ। তাই নিয়ে তুলকালাম। ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পাননি এ বছরের অস্কারজয়ী অভিনেতা। পিছু ছাড়েনি বিতর্কও। শাস্তি স্বরূপ এবার কি কেড়ে নেয়া হবে তার পুরস্কার?

স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার তোড়জোড় শুরু হয় ঘটনার পর থেকেই। ইতোমধ্যে অ্যাকাডেমির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন উইল স্মিথ। অ্যাকাডেমিও তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। তার পরই আলোচনায় আসে শাস্তি হিসেবে স্মিথের অস্কার কেড়ে নেয়ার প্রসঙ্গ।

এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে শুক্রবারই। তবে স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নিশ্চিত হলেও অস্কার কেড়ে নেয়ার প্রশ্নে এখনও দু’ভাগ অ্যাকাডেমির বোর্ড সদস্যরা।

অ্যাকাডেমির বোর্ডের সদস্যসংখ্যা ৫৪ জন। তার মধ্যে ২৫ জন মহিলা। তাদের ওপরেই সিদ্ধান্তের ভার। দফায় দফায় আলোচনা, ভিডিয়ো কনফারেন্সের পরে এক দল চাইছেন স্মিথের অস্কার কেড়ে নেয়া হোক। অন্য দলের বক্তব্য এতটা কঠিন শাস্তি না দেয়াই ভাল।

অস্কার পুরস্কারের মঞ্চে চূড়ান্ত অনভিপ্রেত আচরণের পরেই ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান স্মিথ। পুরস্কার মঞ্চে দাঁড়িয়েই মেজাজের ভারসাম্য হারান স্মিথ। ক্রিসকে চড় মারার জন্য ক্ষমাপ্রার্থনা করেন অভিনেতা। তাতে মন গলেনি অ্যাকাডেমির।

তাদের দাবি, শুধু চড় নয়, ক্রিসকে গালিগালাজও করেছেন স্মিথ। ঘটনার পর তাকে বেরিয়ে যেতে বলা হলেও তোয়াক্কা করেননি। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার তোড়জোড়ও শুরু তখন থেকেই। ইতোমধ্যে অ্যাকাডেমির সদস্যপদ থেকে ইস্তফা দেন স্মিথ।

গোটা বিশ্বে অ্যাকাডেমির মোট সদস্য সংখ্যা ৯ হাজারের বেশি। স্মিথের অস্কার কেড়ে নেয়া নিয়ে মতভেদ তাদের সকলের মধ্যেই। এক দল পুরস্কার কেড়ে নেয়ার পক্ষে। আর এক দল মনে করিয়ে দিচ্ছেন, যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত হার্ভে ইউনস্টিন কিংবা শিশু ধর্ষণের অপরাধী রোমান পোলান্সকির পুরস্কার কেড়ে নেয়া হয়নি। তাহলে স্মিথের বেলায় তা হবে কেন?

সূত্র : আনন্দবাজার


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন