সৌদি পৌঁছেছে প্রায় ৫৭ হাজার হজযাত্রী

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫৭ হাজার যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
রোববার (৩ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫২ জন।
এ ছাড়া বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৬টি, সৌদি এয়ারলাইনসের ৬০টি ও ফ্লাইনাসের ১১টি।
এদিকে চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এমইউআর