বিদ্যুৎ-জ্বালানির দাম সমন্বয় করতে পারবে সরকার, মন্ত্রিসভায় অনুমোদন
সরকারের জ্বালানি বিভাগ থেকে পাঠানো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি (সংশোধন) আইন-২০২২ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এটি সংসদে পাস হলে বিশেষ পরিস্থিতিতে সরকার চাইলে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে। অর্থাৎ, সরকার নিজেই জ্বালানির দাম বাড়াতে-কমাতে পারবে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিষয়টি উত্থাপন করা হলে অনুমোদন পায়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রস্তাব অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিদ্যমান আইনে বিদ্যুৎ ও জ্বালানির দাম বিইআরসি ৯০ দিন সময় নিয়ে নির্ধারণ করে। বিশেষ পরিস্থিতিতে সরকারও যেন তা নির্ধারণ করতে পারে এজন্যই প্রস্তাবিত এ সংশোধনী মন্ত্রিসভা অনুমোদন করে।
এএজে