ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

এনআইডি-পাসপোর্ট-জন্ম নিবন্ধনের পৃথক নম্বরের জটিলতার অবসান হচ্ছে

এনআইডি-পাসপোর্ট-জন্ম নিবন্ধনের পৃথক নম্বরের জটিলতার অবসান হচ্ছে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি কর্মচারীদের শুদ্ধাচারী হতে হবে। সুশাসন হচ্ছে এক ধরণের প্রক্রিয়া যা সরকারি কর্মচারীরা বাস্তবায়ন করে। জনস্বার্থে সরকারি কর্মচারীরা ঊর্ধ্বতনদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার করতে বলেন তিনি।

গতকাল শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় এটুআই প্রোগ্রামের উপদেষ্টা কামরুন নাহার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাফায়েত জামিল বক্তৃতা করেন।

এসময় তিনি আরও বলেন, এখন থেকে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন সম্পন্ন করতে হবে। আর এই নিবন্ধন নম্বরটিই হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। অর্থাৎ এনআইডি কার্ড হিসেবে কাজ করবে এই নিবন্ধন নম্বরটি।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, জন্ম নিবন্ধনের সময় যে নম্বর থাকবে সেটিই তার এনআইডি হবে এবং এটিই পাসপোর্ট নম্বর হবে। এটির জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি দুই বছরের মধ্যেই এর সকল প্রক্রিয়া সম্পন্ন হবে।

সমতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম- বিপিএম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএমসহ জেলা পর্যায়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা পরবর্তী দুপুরে প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বরিশাল পুলিশ লাইন্স মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। নামাজ আদায়ের পূর্বে তিনি মসজিদের মাইকে শুদ্ধাচার ও ধর্মীয় বিষয়ের ওপর বয়ান করেন।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন