দক্ষিণাঞ্চলে বাড়তে পারে তাপমাত্রা

বঙ্গোসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুপাটি আরও ঘণীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকায় তাপমাত্রা বাড়তে পারে দেশের দক্ষিণাঞ্চলে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
তিনি জানান, এ অবস্থায় বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। আর দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার।
আগামী দুইদিনে তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেও জানান এই আবহাওয়া কর্মকর্তা।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১টা মিনিটে।
এএজে