ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Motobad news

১৪টি দলকে কারণ দর্শাতে বলেছে ইসি

১৪টি দলকে কারণ দর্শাতে বলেছে ইসি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নির্ধারিত সময়ে নিবন্ধনের শর্ত প্রতিপালন করা–সম্পর্কিত তথ্য না দেওয়ায় ১৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার দেওয়া এই নোটিশে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি। দলগুলো নিবন্ধনের শর্ত মেনে চলছে কি না, তা যাচাইয়ে নেমেছে ইসি। এ জন্য তথ্য চেয়ে গত ১৩ অক্টোবর দলগুলোকে চিঠি দেওয়া হয়। ২৪ নভেম্বরের মধ্যে তথ্য দিতে বলা হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে ১৪টি দল কোনো সাড়া দেয়নি।

ইসি সূত্র জানায়, বিএনপিসহ চারটি দল ইসির কাছে তথ্য দেওয়ার জন্য সময় চেয়েছে। আর আওয়ামী লীগসহ ২১ দলের কাছ থেকে তথ্য পেয়েছে ইসি। বাকি ১৪টি দল নির্ধারিত সময়ে সাড়া দেয়নি।

সাড়া না দেওয়া দলগুলো হলো—কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি। এগুলোর মধ্যে কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি নির্ধারিত সময়ের পর তথ্য দিয়েছে। তাদের নামেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর আজ সাংবাদিকদের বলেন, ১৪টি দল সময়মতো তথ্য দেয়নি। যারা সময় চেয়েছে, তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। যারা তথ্য দেয়নি, তারা কেন দেয়নি, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে ইসি সচিবালয় থেকে জানানো হয়েছে, দুটি রাজনৈতিক দল সময় শেষ হওয়ার পর তথ্য দিয়েছে। তবে চিঠি ১৪টি দলের কাছেই যাচ্ছে।

নতুন দলের নিবন্ধনের বিষয়ে মো. আলমগীর বলেন, নতুন নিবন্ধনের জন্য যেসব আবেদন পাওয়া গেছে, সেগুলোর কাগজপত্র যাচাই–বাছাই করা হচ্ছে, আইনগত দিকগুলো পরীক্ষা করা হচ্ছে। ডকুমেন্টস ঠিক থাকলে সেগুলো মাঠপর্যায়ে ঠিক আছে কি না, যাচাই করা হবে। যাদের কাগজপত্র ঠিক থাকবে না, তাদের নিবন্ধন দেওয়ার সুযোগ নেই।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন