ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Motobad news

বিএনপির ৫ জনের আসন শূন্য হয়েছে : স্পিকার

বিএনপির ৫ জনের আসন শূন্য হয়েছে : স্পিকার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির যে পাঁচজন পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদের আসন শূন্য হয়ে গেছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রবিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  

সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে স্পিকার বলেন, পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে ৫ জন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কি না, সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে।

শিরীন শারমিন চৌধুরী জানান, সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন প্রকাশ করবে।

রবিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচজন। পদত্যাগপত্র জমা দেওয়া পাঁচ সংসদ সদস্য হলেন—বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত নারী আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সংসদ সদস্যরা।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমরা ৫ জন পদত্যাগপত্র জমা দিয়েছি। বাকি দুজনের মধ্যে একজন অত্যন্ত অসুস্থ ও একজন দেশের বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেননি। মাননীয় স্পিকার বলেছেন, তাদের সংসদে এসে পদত্যাগপত্র জমা দিতে হবে।‘

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে আটজন সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে বিএনপির ছয়জন এবং গণফোরামের দুজন।

বিএনপির ছয়জনের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। তবে তিনি নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় তার আসনে উপনির্বাচন হয়।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন