রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারে রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালনসহ নীতগত ৮ দফা দিয়েছে দলটি।
বুধবার ( ৪ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এই ইশতেহার ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
আট দফা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত, ইনসাফ, নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা, দায়বদ্ধতা, সামাজিক নিরাপত্তা ও আইনের শাসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালার পূর্ণ প্রতিপালন করবে।
সৈয়দ রেজাউল করিম বলেন, ক্ষমতার চর্চা ও হস্তান্তরে গণতান্ত্রিক পদ্ধতি ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ, সুশাসিত ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সব মানুষকে সমান অধিকার ও মর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে বিবেচনা করে। ধর্ম বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিবেচনা করবে না। সবার ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি এক ধরনের হুমকি থাকায় তা রক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হবে।
ইশতেহার ঘোষণায় তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করছে যে, বাংলাদেশ তার সব প্রতিবেশী ও বিশ্বের অপরাপর রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে। ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি-জ্ঞান ও সংস্কৃতির আদান-প্রদানে বিশেষ গুরুত্ব দেবে। বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো দেশের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না।
নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে চরমোনাই পির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর প্রতি দায় বোধ করে। নারীর বিদ্যমান পরিস্থিতি যে সমস্যাজনক তা-ও স্বীকার করে। সেজন্য নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় এই ভূমির হাজার বছরের বোধ-বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে করণীয় সব পদক্ষেপ নেবে। এখানে উল্লেখ্য যে, বিদ্যমান চিন্তাকাঠামোতে শরিয়াহ ও নারীকে পরস্পরবিরোধী হিসেবে বিবেচনা করা হয়। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে, নারীর কর্মসংস্থান, অধিকার, মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামই সবচেয়ে কার্যকর নীতি। আমাদের ইশতেহারের পরতে পরতে তার প্রতিফলন দেখা যাবে ইনশাআল্লাহ।
এইচকেআর