বরিশালে একমাত্র নারী বিজয়ী ধানের শীষের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী।
স্বামীর মৃত্যুর পর ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনের পর টানা ১৬ বছর আসনটি ছিল আওয়ামী লীগ সরকারের দখলে।
তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে আসনটি পুনরায় বিএনপির দখলে আসে।
বরিশাল বিভাগের মোট ১২৩ জন প্রার্থীর মধ্যে একমাত্র নারী হিসেবে বিজয়ী হয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
যদিও বরিশাল-৫ (সদর) আসনে ডা. মনীষা চক্রবর্তী এবং ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে তাছলিমা বেগম প্রার্থী ছিলেন, তবে তারা পরাজিত হয়েছেন।
ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ঘোষিত ফলাফলে দেখা যায়, ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট। এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম (মোটরসাইকেল), গণঅধিকার পরিষদ-এর মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক), স্বতন্ত্র নূরুদ্দীন সরদার (কলস), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ফোরকান হোসেন (আম) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মাসুদ পারভেজ (তারা)।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৮টিতে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা।
এছাড়া বিভাগের দুটি আসনে জামায়াতে ইসলামী এবং একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা জয়লাভ করেছেন।
এইচকেআর