ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) নতুন সরকার শপথ নেওয়ার একদিন পরই শনিবার (২৮ মার্চ) ওলিকে গ্রেফতার করা হয়েছে।

গত বছর সেপ্টেম্বর মাসে নেপালের জেন-জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হয়। এসব মৃত্যুর ঘটনায় কেপি শর্মা ওলির দায় আছে কি না সে বিষয়ে তদন্তের সবার্থে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান।

ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি বলেন, ‘আজ সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে।’পুলিশের মুখপাত্র ওম অধিকারী ওলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, চলতি বছর ৫ মার্চের সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন। ওলি সরকারের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। 

সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সরাসরি কোনো নির্দেশ ছিল এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তবে গুলি বন্ধ বা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এবং এই অবহেলার কারণেই অপ্রাপ্তবয়স্করাও প্রাণ হারিয়েছে।

সূত্র: বিবিসি


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন