বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক

বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় ইকরামুল ইসলাম রাজীব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে মামলার পর নগরীর সিএন্ডবি রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম। মামলায় ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম, ইকরামুল ইসলাম রাজীবসহ ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ২৭ লাখ টাকা আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন অন্তু বিশ্বাস। আন্দোলনের পর শিক্ষার্থীদের টাকা ফেরত দিতে বাধ্য হয় ইনস্টিটিউট কর্তৃপক্ষ। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। এর জেরে অন্তু বিশ্বাসকে বহিষ্কার করা হয় বলে অভিযোগ তার। এজাহারে অন্তু অভিযোগ করেন, বহিষ্কারের পর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
১৯ নভেম্বর দুপুর আনুমানিক ১টায় নগরীর সিএন্ডবি রোডে ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে গেলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। হামলায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় মামলা করেন অন্তু। এদিকে অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার, আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও নার্সিং ইনস্টিটিউটগুলোর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
এইচকে