কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে

সাগরের ঢেউয়ের সঙ্গে ছুটে চলা, ভোরের আলোয় সূর্যোদয় দেখা, সবুজ ঘাসের মাঠে ডিগবাজি কিংবা দোলনায় চড়ে আনন্দে মেতে ওঠা। কখনো সৈকতে বাইক চালিয়ে ঘুরে বেড়ানো, আবার কখনো প্রকৃতির সঙ্গে মিশে ক্যামেরাবন্দি হওয়া। এভাবেই কুয়াকাটার সৌন্দর্যে নিজেদের হারিয়ে ফেলেছেন রাশিয়া থেকে আসা একদল তরুণী পর্যটক।
পটুয়াখালীর কুয়াকাটা যেন তাদের কাছে প্রকৃতির এক অন্যরকম ঠিকানা। দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত থেকে শুরু করে ম্যানগ্রোভ বন, চরাঞ্চল, রাখাইন পল্লি আর সবুজে ঘেরা ‘মিনি সুইজারল্যান্ড’ ঘুরে দেখেছেন উপকূলের নানা দর্শনীয় স্থান। বিদায়বেলায়ও যেন শেষ হয়নি তাদের মুগ্ধতা। বরং জানিয়ে গেছেন, আগামী মার্চে আবারো ফিরবেন কুয়াকাটায়। এবার সঙ্গে নিয়ে আসবেন আরও কয়েকজন সহকর্মীকে।
সম্প্রতি কুয়াকাটায় ঘুরতে আসা নয়জনের এই দলে ছিলেন জানা, ইলানি, ড্রিমো ও নাতানিয়াসহ কয়েকজন রুশ তরুণী। তাদের আনন্দঘন মুহূর্তগুলো নজর কেড়েছে স্থানীয়দেরও। কাউয়ারচরের মিনি সুইজারল্যান্ডের সবুজ ঘাসের মাঠে দাঁড়িয়ে ডিগবাজি, সৈকতে সূর্যোদয়ের সময় দৌড়ঝাঁপ, দোলনায় চড়া কিংবা সমুদ্রের পাড়ে ছবি তোলার দৃশ্যগুলোতে ফুটে উঠেছে তাদের ভ্রমণের উচ্ছ্বাস।
কুয়াকাটা ট্যুর গাইড ও বাইক রাইডার আবু সালেহ জানান, রাশিয়া থেকে আসা এসব পর্যটক পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। প্রায় সাত বছর ধরে তারা বাংলাদেশে অবস্থান করছেন। কাজের ফাঁকে অবসর সময়ে ট্রাভেল এজেন্সির মাধ্যমে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
আবু সালেহ বলেন, তাদের নিয়ে লেম্বুরবন, গঙ্গামতী, কাউয়ারচর, মিশ্রিপাড়া, শুঁটকি পল্লি ও মিনি সুইজারল্যান্ডসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছি। তারা কুয়াকাটার প্রাকৃতিক পরিবেশে বেশ আনন্দ করেছেন। দুই দিনের ভ্রমণ শেষে বিদায় নেওয়ার সময় আগামী মার্চে আবারো আসার কথা জানিয়েছেন। এবার তাদের সঙ্গে রূপপুরে কর্মরত আরও কয়েকজন সহকর্মীকে নিয়ে আসবেন বলেও জানিয়েছেন।
প্রায় পাঁচ বছর ধরে বিদেশি পর্যটকদের কুয়াকাটা ঘুরিয়ে দেখানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিদেশিদের বেশ মুগ্ধ করে। তারা খুবই বন্ধুসুলভ। কুয়াকাটায় এসে আনন্দিত হন এবং এখানকার পরিবেশ উপভোগ করেন।
রাশিয়ান পর্যটক নাতানিয়ার কাছেও কুয়াকাটা হয়ে উঠেছে স্মরণীয় এক গন্তব্য। জীবনে প্রথমবারের মতো এখানে এসে মুগ্ধ তিনি। নাতানিয়া বলেন, কুয়াকাটা খুবই সুন্দর, অসাধারণ ও মনোমুগ্ধকর একটি জায়গা। সমুদ্রসৈকত, প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার সৌন্দর্য তার খুব ভালো লেগেছে। সুযোগ হলে আবারো আসতে চান তিনি।
ইংরেজিতে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘Kuakata is very nice and wonderful. This is my first visit, and I will come back again.’
শুধু সৈকত কিংবা সমুদ্রের ঢেউ নয়, বিদেশি পর্যটকদের মুগ্ধ করছে কুয়াকাটার আশপাশের বৈচিত্র্যময় প্রকৃতিও। কাউয়ারচরের মিনি সুইজারল্যান্ড এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী তারিকুল ইসলামের অভিজ্ঞতায়ও উঠে এসেছে সেই চিত্র।
তিনি বলেন, বিদেশি পর্যটকরা এখানে এসে দীর্ঘ সময় অবস্থান করেন। খাল, সবুজ মাঠ ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন। সম্প্রতি আসা রাশিয়ান তরুণীদের মধ্যে জানা নামের একজন মাঠে নাচ করেছেন, ডিগবাজি দিয়েছেন, আবার সূর্যোদয়ের সময় সৈকতে দৌড়ঝাঁপ করে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন। তারা স্থানীয় দোকান থেকে ডাব, কলাসহ বিভিন্ন খাবার কিনে খেয়েছেন। তাদের আচরণও ছিল বেশ ভালো।
তবে পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মিনি সুইজারল্যান্ড এলাকায় সার্বক্ষণিক টুরিস্ট পুলিশের উপস্থিতি প্রয়োজন বলে মনে করেন এই ক্ষুদ্র ব্যবসায়ী।
বিদেশি পর্যটকদের কাছে কুয়াকাটার আতিথেয়তাও যে কম আকর্ষণীয় নয়, তার প্রমাণ মিলছে হোটেলগুলোতে তাদের অবস্থান ও অভিজ্ঞতায়। গত ৩০ অক্টোবর রাশিয়া থেকে আসা নয়জনের পর্যটক দলটি অবস্থান করেন কুয়াকাটার হোটেল খান প্যালেসে।
হোটেলটির অপারেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান সাকুর বলেন, তাদের হোটেলে দেশি অতিথিদের পাশাপাশি প্রায় নিয়মিতই বিদেশি পর্যটকরা আসেন। রাশিয়ান অতিথিদেরও প্রায়ই পাওয়া যায়। বিশেষ করে পূজা, ঈদুল আজহা, ঈদুল ফিতর ও ইংরেজি নববর্ষের সময় বিদেশি পর্যটকদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে। হোটেলের সুইমিংপুল, খাবারের মান ও সেবা বিদেশি অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আন্তরিক আতিথেয়তার মাধ্যমে অতিথিদের ভালো অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য।
কুয়াকাটায় বিদেশি পর্যটকদের এমন আগমনকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় বিদেশি পর্যটকদের আগমন স্থানীয় পর্যটনশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সমুদ্রসৈকত নয়, এখানকার বন, চর, নদী, দ্বীপাঞ্চল, রাখাইন সংস্কৃতি ও স্থানীয় জীবনযাত্রাও বিদেশিদের আকৃষ্ট করছে। তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও বাড়ানো গেলে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বাড়বে।
বিদেশি পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে টুরিস্ট পুলিশ। কুয়াকাটা জোনের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, বিদেশি পর্যটকরা যে হোটেলে অবস্থান করেন, সেখান থেকে ই-মেইলের মাধ্যমে তাদের আগমনের তথ্য জানানো হয়। এরপর পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকেন। দর্শনীয় স্থান ঘুরে দেখার ক্ষেত্রে প্রশিক্ষিত ও শিক্ষিত গাইডের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। দেশি-বিদেশি সব পর্যটকের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ নিশ্চিত করতে তারা কাজ করছেন।
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি, বিস্তীর্ণ সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন, লাল কাঁকড়ার বিচরণ, রাখাইন সংস্কৃতি আর নদী-চরঘেরা প্রকৃতি সব মিলিয়ে কুয়াকাটা যেন একসঙ্গে অনেক রূপের সমাহার। সেই রূপেই মুগ্ধ হচ্ছেন বিদেশি পর্যটকরা। রাশিয়ান তরুণীদের বিদায়বেলায় আবার ফিরে আসার প্রতিশ্রুতি যেন সেই মুগ্ধতারই প্রতিচ্ছবি। তাদের এই ফিরে আসার অপেক্ষায় এখন কুয়াকাটার পর্যটনসংশ্লিষ্টরাও।
এইচকে