ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ-হামলা বরিশাল বিআইডব্লিউটিএ’র ১৩ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত চিংড়ি রেণুবাহী গাড়ি আটকে চাঁদাবাজি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মাদকসহ গ্রেপ্তার ৩০ উপকূলের নিরাপত্তা ও নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা প্রশংসনীয়: নৌপ্রধান বরিশালে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৭ হাজার টাকা জরিমানা মোবাইল প্রযুক্তিতে আস্থার প্রতীক ভোলার মেয়ে মহিমা ঝালকাঠিতে মোটর চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত চোর মুলাদীতে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ, বিক্ষোভ
  • চিংড়ি রেণুবাহী গাড়ি আটকে চাঁদাবাজি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

    চিংড়ি রেণুবাহী গাড়ি আটকে চাঁদাবাজি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিংড়ি রেণুবাহী গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


    বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি সূত্র জানায়, ভোলা–বরিশাল মহাসড়কে চিংড়ি ও জাটকা ইলিশবাহী মাইক্রোবাস ও পিকআপ আটকে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে সাংগঠনিক কার্যক্রম থেকে সরিয়ে দিয়ে বহিষ্কার করা হয়।

    ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পটুয়াখালী থেকে আসা চিংড়ির রেণুবাহী একটি মাইক্রোবাস বরিশাল জিরো পয়েন্ট থেকে ধাওয়া করে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলা রোডে নিয়ে আটক করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। পরে গাড়ির চালক ও সহকারীকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেরিন একাডেমির নির্মাণাধীন ভবনে নিয়ে মারধর করা হয়। ভয়ভীতি দেখিয়ে রেণুর মালিককে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ সময় জীবন বাঁচাতে বিকাশের তিনটি নম্বরে ৯৫ হাজার টাকা ও নগদ পাঁচ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা দিয়ে ছাড়া পান তাঁরা।

    এর কিছুক্ষণ পর চিংড়ি রেণুবাহী আরেকটি মাইক্রোবাস বিশ্ববিদ্যালয়সংলগ্ন জিরো পয়েন্টে থামার সংকেত পেলে চালক দ্রুত গাড়িটি নিয়ে রূপাতলীর দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মো. আরাফাত নামের ছাত্রদলের এক কর্মী আহত হন। পরে ছাত্রদলের নেতা–কর্মীরা ওই মাইক্রোবাসের পিছু নেন। গাড়িটি রূপাতলী ট্রাফিক পুলিশ বক্সের কাছে পুলিশের টহল গাড়ির সামনে এসে দাঁড়ালে ছাত্রদলের সাত থেকে আট নেতা–কর্মী পুলিশের সামনেই মাইক্রোবাসের চালক ও সহকারীকে মারধর করেন। এতে চালক ও সহকারী গুরুতর আহত হন। এ সময় মাইক্রোবাসটির গ্লাস ও অন্যান্য অংশ ভাঙচুর করা হয়।

    এর আগে ২৯ জানুয়ারি রাত ১১টার দিকে ভোলা–বরিশাল মহাসড়কের তালুকদার মার্কেট এলাকায় জাটকা ইলিশবাহী আরেকটি গাড়ি আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে চালককে মারধরের অভিযোগও রয়েছে।

    বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতা–কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাত্রদল সভাপতির নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সহসভাপতি মিয়া বাবুল চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের আরেকটি পক্ষ মহাসড়কে সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ১৯ মে রাতেই সিনিয়র সহসভাপতি আশিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেসাফ আর–রাফির অনুসারীরাও গাড়ি আটকাতে অবস্থান নেন। পরে একটি রেণুবাহী গাড়ি ধাওয়া করতে গিয়ে ছাত্রদলের কর্মী আরাফাত আহত হন। এরপর রূপাতলীতে আরেকটি গাড়ি আটকিয়ে ভাঙচুর ও চালককে মারধর করা হয়।

    অভিযোগের বিষয়ে মিয়া বাবুল বলেন, ‘আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। খায় সবাই মিলে, কিন্তু নাম হয় শুধু আমার। এর সঙ্গে এলাকার কিছু লোকও জড়িত আছে। আমি দ্রুত সাংবাদিকদের মাধ্যমে মূল হোতাদের নাম সামনে নিয়ে আসব।’

    উল্লেখ্য, ১ মে মোশাররফ হোসেনকে সভাপতি ও আরিফ হোসাইনকে (শান্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২৭ সদস্যের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ