ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬

Motobad news

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র শিশু কন্যা। (২৬ মে) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর পৌরসভার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ মাহমুদ স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে গৌরনদীর বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে থাকলে পেছন দিক থেকে দ্রুতগতির তাজ আনন্দ পরিবহনের একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষোভে বাসটি ভাঙচুর করে। এসময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন