কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে কিশোরকে ডেকে নিয়ে হত্যা, আটক ৩

পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত তাজুল ইসলাম সম্প্রতি এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে। তার বাবার নাম ফারুক হাওলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে স্থানীয়রা করে পুলিশের হাতে তুলে দেয়।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এইচকেআর